Tue 03 February 2026
Cluster Coding Blog

|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় ফের্নান্দো দেনিস (কলম্বিয়া) জয়া চৌধুরী

maro news
|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় ফের্নান্দো দেনিস (কলম্বিয়া) জয়া চৌধুরী

La mujer del fuego আগুনে মেয়ে

১৪
আমার মনে সবসময় এক জ্বলন্ত ল্যুট গিটার থাকে
যে অরণ্যের মাঝখান দিয়ে হেঁটে যায়,
যেন নৃশংস কোন সংবেদনশীলতা, ছায়ার ভেতর
কোন অসম্ভব কারিগরি, কোন বিস্ময়কর হাতেরা ছাঁচে ফেলে দেয়
ওই ল্যুটের ধ্বনি যে সুর শিশুকাল থেকে আমার সঙ্গী?

শঙ্খ থেকে জোয়ারে মাতাল হওয়া ল্যুট গিটার অবধি শুনি
অনুভূতির সে শ্রুতলিপিকর সেসব নিয়ে কথা বলে না
গ্রামবাসীরা, দক্ষিণে কেঁপে ওঠে তাদের
ঈষদুষ্ণ দড়ি, রক্তবর্ণ, শতাব্দীর পর শতাব্দী জুড়ে দগ্ধ-

আমার দরজা পর্যন্ত আসে জনশ্রুতির রুপোলি তবকে মোড়া তাদের জ্যা,
ফরফর করতে থাকা তাদের উচ্চিংড়ে পোকারা, সর্পিল
খাড়াই পাহাড়ী পথ বেয়ে, প্রাচীরের গিরিখাতগুলির মরচে পড়া
মুখগহবর থেকে,
এবং প্রাচীন মেরুপ্রভার ছাইয়ে জ্বরতপ্ত
সেই সঙ্গীতের পিছু পিছু চলি আমি, তার চিহ্নের খেই
কোন ঐন্দ্রজালিক অরণ্যে সূচ সুতোয় আবদ্ধ,
লাল ঘাসের উপর থাকা কুয়াশায় ঈশ্বরীর
চটির আগুনের পিছন পিছন যাই, যাই অমোচনীয় স্বপ্নের
ছন্দোময়তার পিছু পিছু, বায়ুর ওই প্রহেলিকা থেকে
যাতে সহস্র বছরেরা আশ্রয় নেয় তাদের অরণ্যে,
এবং কম্পমান হাতে সেইসব অদৃশ্য আঁচড় পুনরায় সংগ্রহ করি।

Fernando Denis ফেরনান্দো দেনিস (কলম্বিয়া)-
কবি পরিচিতি- ১৯৬৮ সালে কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সিয়েনাগায় জন্ম গ্রহণ করেন এই কবি। লাতিন আমেরিকার সাহিত্য জগতে সমসময়ের অন্যতম গুরুত্বপূর্ণ কবি। এতাবৎ প্রকাশিত সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ La criatura invisible en los crepúsculos de William Turner বা বিকেলের আলোয় উইলিয়াম টার্নারের অদৃশ্য ভূত ১৯৯৭ সালে প্রকাশিত হয়। এটির প্রকাশের সঙ্গে সঙ্গে সে দেশের সাহিত্য জগতে আলোড়ন পড়ে যায়। বিংশ শতকের সে দেশের অন্যতম উল্লেখযোগ্য সাহিত্য কীর্তি হিসাবে পরিগণিত হতে থাকে এটি। এই বইটি লেখার সময় ব্রিটিশ চিত্রকর উইলিয়াম টার্নারের আঁকা কিছু গোধূলির ছবি থেকে অনুপ্রেরণা পেয়েছেন তিনি। ২০১৭ সালে প্রকাশিত LOS MOSAICOS DE BABILONIAবা ব্যাবিলনের মোজাইক কারুকাজ y সেই সালেই LOS CINCO SENTIDOS DEL VIENTO বা ঝড়ের পাঁচ অনুভূতি, ২০০৪ সালে Ven a estas arenas amarillas বা এই হলুদ বালুকায় আপনারা আসুন, একই সালে El vino rojo de las sílabas পদাংশের রক্তলাল ওয়াইন ইত্যাদি তাঁর কাব্যগ্রন্থের নাম। তাঁর কবিতায় প্রকৃতির স্বনতার সঙ্গে বহিঃ প্রকৃতির রূপের মেলবন্ধন ধরা পড়ে। সমসময়ের অন্যান্য বিখ্যাত কবি রোমুলো গাইয়েগো পুরষ্কার বিজেতা উইলিয়াম ওসপিনা বা খোসে রামোন রিপোলি ম খোসে লুইস রিভাস ইত্যাদিরা স্বীকার করেন বর্তমান লাতিন আমেরিকার কন্ঠ বিধৃত হয় তাঁর কবিতায়। ভারতে সাহিত্য অকাদেমী ইতোমধ্যেই তাঁকে সে কলম্বিয়ার শ্রেষ্ঠ কবি বলে স্বীকৃতি দিয়েছেন। ২০০৯ সালে তাঁর লেখা ১১৩ টি কবিতা সম্বলিত Geometry of Water” বা জলের জ্যামিতি বইটি অনূদিত হয়েছে ভারতে সাহিত্য অকাদেমীর মাধ্যমে । বর্তমান কবিতাগুলি তাঁর সাম্প্রতিকতম LA MUJER QUE SUEÑA EN LAS MURALLAS বা দেওয়ালে তন্দ্রারত মেয়েটি থেকে নেওয়া।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register