Mon 02 February 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় সন্দীপ গাঙ্গুলী

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় সন্দীপ গাঙ্গুলী

জন্মদিন

আকাশে চোখ রেখে দিনের বলিরেখায় কয়েকটা পাখির ঘরে ফেরা, বেড়ে ওঠা আগাছার আঁচলে নির্লিপ্ত গর্ভধারিনীর ভালোবাসা, নিঃসঙ্গ দৃষ্টিতে নিরন্তর খুঁজে চলা সন্তানের অবয়ব। সন্ধ্যার মৌন ছায়ায় নক্ষত্রের পারাপার নিথর ওষ্ঠদ্বয়ের ক্ষণিক চপলতা, সিঁড়ি ভাঙা খেলায় বয়স তখন মধ্য চল্লিশে, কানে বাজে সন্তানের জন্মদিনের শাঁখের আওয়াজ আজ সন্ধ্যার শাঁখের আওয়াজে নিশ্চুপ বৃদ্ধাশ্রম খোকার আজ জন্মদিন… সাপ লুডোয়ে হেরে গিয়ে আয়নার অগোচরে অপরাধী মুখের গর্ভধারিনী, সংসার খেলায় হারিয়ে যাওয়া খোকার আজ বারো বছর… চোখের জলের ভেলায় ভাসিয়ে দেওয়া হারিয়ে যাওয়ার জন্মদিনের আজ বারো বছর…

কোজাগরী

নীল খামের ভিতর সাদা মেঘ ভরে রেখে এলাম শরৎ। কাদা মাখা ভিজে ঘাসের বর্ষা এখন উজ্জ্বল সোনালির বাহারে, মেঠো নদীর স্নিগ্ধ উচ্ছাসে খুঁজি ফেলে আসা বসন্তের কোলাজ। মনে পড়ে তোমার গত কোজাগরীতে রাত দেওয়ার কথা, সারা রাত একান্তে... চাঁদের ছায়ায় চোখের জলের চিকচিক, রাত ভেজা জ্যোৎস্নায় তোমার প্রতীক্ষায়, কপট অভিমানে ভোরের সূর্যে চোখ রাঙিয়ে তোমায় বলেছিলাম একদিন আমিও.... মিলিয়ে যাব অমাবস্যায়। কত রঙিন দিনের স্বপ্নে সূর্যাস্তের রক্তক্ষরণ তোমার অভিলাসে, একটুকরো অবিশ্বাসে হারিয়ে গেলে অন্য মনের প্রান্তরে। আজ আবার কোজাগরী মেঠো নদীর আয়নায় রুপোলি ঝড়, চোরা স্রোতের ঝিম ধরা স্তব্ধতায় অনুরণন ভালথাকার মুহুর্তের।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register