Mon 02 February 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় অর্ণব কর্মকার

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় অর্ণব কর্মকার

নামেতে অসুখ

আমার নামের গায়ে কিছু কাটাছেঁড়া, কিছু ব্যান্ডেজ দাগ কিছু কিছু রয়ে গ্যাছে সেলাইয়ের
অস্ত্রের ব্যবহারে নিষেধ করেছে কিছু গোলাপের ভাষা
কেউ শোনেনি।
তবুও শিথিল হলে দাউদাউ পূর্ণিমা-আলো কলঙ্ক মুছে ফ্যালে চোখ—
তারপর ডাক্তারি টেবিলে সার্টিফিকেটে দেয় সই—
ছুরি-কাঁচি লিখে দেয় নামেতে অসুখ।

আকাশ

১. আকাশ— তুমি কার পেছনে দৌড়াও? আমার ভেতর সবুজ ঘাস লাল রঙ মেখে অস্থির —
সমাজের বুকে কাকে পেতে তুমি চাও?
আকাশ— তুমি গৌরবর্ণ হও।
২. এখন শ্রাবণ মাস মেঘেদের ভিড়; আকাশ তোমার রঙ কালো দৌড়ে গিয়ে ধরতে থাকো শরৎকে—
আকাশ— তুমি নদীটির বুকে নীল লাগাও। ও জানে, স্বপ্ন দেখার মানে।
৩. আকাশ— সন্ধ্যে হলে দিনের কথা ভেবোনা রাতের কথা ভেবো—
রাতেও অনেক শিশুর জন্ম হয়।
৪. বয়েস কষার গণকযন্ত্র নেই; আকাশ— তোমার বয়স কত তবে?
আমার মাথায় চুল পাকলে ত্বকের উপর ভাঁজ নামলে তুমিও কি বুড়ো হবে?
আকাশ জেনো— তোমার কোনো জন্মের দিন নেই।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register