Sun 01 February 2026
Cluster Coding Blog

কবিতায় তনিমা হাজরা

maro news
কবিতায় তনিমা হাজরা

শ্রমিক 

আমি একটি বাক্যের ভিতরে বাস করি, যেমন করে একজন খেটে খাওয়া মানুষ সারাদিন হা-ক্লান্ত হয়ে এসে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ে তার সীমিত চৌহদ্দির ভেতর।।
আর পায়ের পাশ দিয়ে আরশোলা, গুটিকয়েক পিঁপড়ে তারই উচ্ছিষ্ট খুঁটে খেয়ে ফিরে যায় হেলতে দুলতে। দেওয়ালে টিকটিকি সারারাত ফাঁদ পেতে বসে থাকে। দৈনিক বরাদ্দের তেল ফুরিয়ে গেলে দপ করে নিভে যায় ভাঙাকাঁচ বিগত যৌবনা লন্ঠন, মশারা প্রাপ্য রক্ত হিসাব বুঝে শুষে নিয়ে ডিম্ব নিষিক্ত করার কাজে যায়।।
এই শ্রম আর ক্ষুধাই আমাকে রোজ ঘুম পাড়ায়, জাগায়, ছুটিয়ে মারে জীবনের পিছনে পিছনে।।
আমার বাক্যে বিশেষ্যপদ তুচ্ছ, বিশেষণ বিষাক্ত,  ক্রিয়াপদ মুহ্যমান, অব্যয় সম্পূর্ণরূপে ব্যায়ের খাতায়।। তবু জীবনের প্রতি কি প্রগাঢ় ভালবাসা, কি তীব্র মরণকামড়।।
অথচ দেখো এতবার মুছে দেবার পরও আমার বাক্যের অক্ষরগুলি কি অমোঘ হয়ে জ্বলজ্বল করছে রাত্রির আকাশে ।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register