Tue 03 February 2026
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান দেবাশিস বসু (সর্বোত্তম)

maro news
মার্গে অনন্য সম্মান দেবাশিস বসু (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ৭৭ বিষয় - মাতৃভাষা / আত্মসম্মান / বৈরাগী

ভাষা বুঝি রক্তের প্লাবনে

সবে এসেছিল বসন্ত.. শিমুল পলাশ মাদারের লালে উন্মাদনা অনন্ত.. শিকড়টা ছড়িয়েছিল ইতিহাসের ধূসরতায়.. রাজপথ ভেসেছিল রক্তের বন‍্যায়.. দুঃসাহস ছিল কুটো মুখে নিয়ে পক্ষীমাতার উড়ানে.. মেডিকেল কলেজ ছাত্রাবাসে বারো নম্বর শেডের বারান্দা ভেসেছিল রক্তের প্লাবণে.. রাষ্ট্রবিজ্ঞানের বই পড়েছিল পথের ধূলায়.. ডাক্তার হাতে করে বয়েছিল- মগজ গুলিতে ছিটকায়.. মগজহীন রফিক ছাত্রাবাসের সতেরো নম্বর ঘরে.. সালাম তো ছিল এক সামান্য পিয়ন খিদিরপুর বন্দরে.. ছাড়ায়নি স্কুলের গণ্ডি, তবুও বুঝেছিল মায়ের ব‍্যথা- উর্দুর বেড়াজালে বন্দী.. গুলিবিদ্ধ দেড়টা মাস হাসপাতালে শুয়ে.. এক মুঠো ফুল দিও আজিমপুরের সাড়ে তিন হাত ভূঁয়ে.. হাইকোর্টের কেরানী বা প্রাথমিক পাশ কৃষিজীবী জব্বার.. হৃদয় জ্বলেছিল মৃত্যুসংগ্রামে- অপমানে মাতৃভাষার.. তারা চেয়েছিল আমার মুখের কথা কেড়ে নিতে.. চেয়েছিল বাঙালির মুখে উর্দুভাষা চাপিয়ে দিতে.. মাতৃদুগ্ধের ধারার মতো এ ভাষা আমার মায়ের নাড়ি.. এ ভাষাতেই আমার বাস- বাঙলাই আমার ঘরবাড়ি.. বাড়ী থেকে বেরিয়ে রাস্তায় খুঁজে পাই অচিন শব্দের মিছিল.. এমনই মুখোমুখি আমার ভাষা কত অচেনা শব্দ জটিল.. পালী মাগধী মৈথিলী অবহট্ট হয়ে হাজার বছরের ধূসর ইতিহাসে.. হয়তোবা বানজারা পরদেশীকে ভালোবেসে কিছু ভাষা মিশে গিয়েছিল শরীরে.. কিছু শব্দসন্তান হারিয়ে গিয়েছিল বিস্মৃতির অতল অন্ধকারে.. শিশুর লালাগ্রন্থির জারকে ভেজানো ঐ আঠালো স্মৃতিই আমার ভাষা.. লুকোনো আচারের বয়ামে, পকেটের আধ খাওয়া পেয়ারায়, কিশোর প্রেম, বানভাসি বিচ্ছেদে আর প্রথম মৈথুনের উচ্ছ্বাসে ছিল আমার ভাষা.. তাল তমাল হিজলের ফিসফাসে আমার ভাষা.. আলগোছে ঘোমটা সরানো বধূর চাল ধোয়া জলের ধূসরতায়, পিদিমের স্নিগ্ধ আলোয় তুলসীতলায়, শিউলি ফোটার শব্দে শিশিরের ছোঁয়ায়, মাটির নিঃশ্বাসে বৃষ্টির প্রথম ফোঁটা শুষে নেওয়ায়, শেষ বিকেলে রোদের ছায়ায় বকের ডানায় আমার ভাষা.. কালোচোখ তালপুকুরের ভাবসমাধিতে আমার ভাষা.. সন্ধ‍্যায় পথহারানো একলা হাঁসের কাতর ডাকে আমার ভাষা.. ফাগে ঢাকা কিশোরীর লজ্জালাল মুখে আমার ভাষা.. পায়ে পা ঘষা আলোছায়া বাসন্তী চুম্বনে আমার ভাষা.. একুশে ফেব্রুয়ারীর রক্তরাঙা দুপুরে ছিল তার আভাস.. হলুদ ব‍্যাকরণ বইতে নয়- সালাম বরকত রফিক শফিক জব্বারের সমাধিতে পাবে তাহার ইতিহাস..
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register