Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় উমা বসু

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় উমা বসু

চিত্রিত পৌষালি

পৌষালি ভোর কুয়াশার চাদর জড়িয়ে তিরতির কাঁপে। শুকতারা জাগে বেগুনী রঙা পূবালী আকাশে । ডানা ঝাপটে আড়মোড়া ভেঙে উড়ে যায় শূন্য পিয়াসী পাখির দল। কন্ঠে তাদের ঘুমভাঙানিয়া গান, বুকে পোষা অনিশ্চিতকে ছোঁয়ার আনন্দ ।
বেলা বাড়ার সাথে সোনা ঝরা রোদ গায়ে মেখে ফুলেরা রঙিন হাসিতে সুরভি ছড়ায়। ফসলের ক্ষেতে লুটোপুটি খায় উত্তরা হিমেল হাওয়া । গাঁয়ের মেয়ে-বউ রা বড়ি দেয়,চাল বাটে,গুড় জ্বাল দেয়। শিরশিরে হাওয়ায় চুল ওড়ে । কিছু স্বপ্ন পথ হারায় , কিছু পায় দিশা। জীবন এগিয়ে চলে বাঁচার সাধনায় ।
ছুটির দুপুর খিলখিল হেসে ওঠে পশমী পোশাকে সেজে। রান্নাঘর ছুটে আসে মাঠে,ঘাটে,বনে। সোনালী স্বপ্ন ভাসে সবুজের আঙিনায় । পিঠে, পুলি,পায়েসের মোহিনী গন্ধে তোলপাড় হয় পাড়া। খিচুড়ি ও আসর জমায় জমজমাট চেহারায় । উৎসব উঁকি মারে প্রতি বাড়ির বন্ধ দরজায় ।
কান্চনজঙ্ঘার শিখরে তুষার লীন ঘুমন্ত বুদ্ধ শুভ্রতার আলো ছড়ায় পৃথিবীর বুকে । লালপোশাক হাসিমুখ বৃদ্ধের উপহারের আশায় প্রহর গোনে অজস্র সবুজ মন। ঈশ্বর পুত্রের জন্মদিন পালন করে মুমূর্ষু পৃথিবী ।
সন্ধ্যা নামে কুয়াশার আঁচলে মুখ ঢেকে । দরজার বাইরের মানুষেরা উত্তাপ খোঁজে পথবাতির নীচে। কখনো নচিকেতা কেউ নিয়ে আসে আগুনের গোপন সংবাদ । ধিকিধিকি আগুনের হলকায় লেখা থাকে বেঁচে থাকার অনমনীয় সংকল্পের আখ্যান । পৌষালি রাত ঝিমোয়,নত হয় সেইসব অগ্নিশুদ্ধ পায়ের তলায় ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register