Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় পিয়াংকী

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় পিয়াংকী

ধর্মের শীতঘুম

ওই দূরে শায়িত আছে ধর্মের জটলা, ঠিক যেমন শীতকালীন রোদ্দুর ঘাপটি মেরে শুয়ে থাকে মেঘ-আদরের আড়ালে । আসিফা আর অনন্যা পিঠেপুলিতে খুঁজে নেয় তাদের জন্মভূমিকে , কাঁটাতার পেরোলেই টের পাই আবদুল চাচীর নিকোনো উঠোনে পাতা খসানোর  দিন শুরু , উদাসী বিলাস ততক্ষণে জাপটে ধরেছে বকুল নামের ফুলপ্রেমিকে, পৌষপার্বণে ভরে গেছে ভাতের হাঁড়ি ইতুর মন্ত্রতন্ত্রের উচ্চারণে ফেঁসে যাবার পর ... রহিম চাচার বাগানের  আহ্লাদি খেজুরগুড়ে নেমে এসেছে দশজন্মের পৃথিবীস্বাদ । তারপরই কোথাও যেন বেজে উঠলো রক্তের ঘন্টাধ্বনি ম্রিয়মাণ হতে থাকলো আগুন পোহানোর উত্তাপ , বিকেলের ছেড়ে যাওয়া আলো কেনো যেন ঘুরে দাঁড়ালো প্রতিযোগী হয়ে সকালের কুয়াশা পথ বদলে ফেললো সান্ধ্য-তলোয়ারের তীক্ষ্ণতায় ... ক্যালেন্ডারে মাঘের শেষ , মা-আম্মুর উলকাঁটা পূর্ণতার পথে; হঠাৎই সভ্যতা বিস্ফোরিত হলো জ্বালামুখী আগ্নেয়গিরিতে , শূন্য রিক্ত হাতে কবর আর শ্মশান ফিরিয়ে দিলো মৃত্যুশোক । ভারত-বাংলাদেশ সীমানা মুছে ধর্ম তখনও দাঁড়িয়ে আছে আজন্ম ভিক্ষুকের মতো । আর আমরা দুইদেশ দুহাতে ভাঙ্গছি বর্ডারলাইন শীতের ঝরা পাতা কুড়িয়ে ওই মাটিতেই পুঁতে দেবো আগামীর  চারাগাছ॥
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register