- 159
- 0
উপশম
তোমার ব্যথার সামনে একটা রুমাল
ছাড়া আর কিছুই দিতে পারিনি।
তবুও তাতে ধুলোর দাগ, ক্লান্তির ভাঁজ
তোমার কোনো কাজেই লাগলো না—
চোখের সামনে কুঁকড়ে ছোট হয়ে গেলে।
যন্ত্রণা তুমি কাচের মটরদানা
গড়িয়ে গেলে ঘরময়।
সোঁদা দিয়াশলাই আগুনের গল্প শোনায়।
বুকের মধ্যে পাহাড়ের ওজন বেড়ে যায়,
কত রাত ঘুম নেই।
পাইন বন পুড়িয়ে সূর্য ওঠে —প্রচণ্ড
কথার ও'পিঠে তাপ পৌঁছায় না, শুধু ধোঁয়া ধোঁয়া
বিদায়ের সুর জলের খোঁজ করে
কোন পাথরে জল ভরা
আমিও কি জানি?
জলের শব্দে ঘুম আসে না...
এপার থেকে ওপার টুকরো কাঠের সেতু
পার হয়ে তোমার কাছে যাব
তোমার ব্যথার কাছে
তাকে কী দেব বলো?
ব্যথায় ব্যথা নীল হয়ে আসে
যন্ত্রণা ছুঁলে তাকে
পলকা,সেতু ভেঙে পড়ে।
0 Comments.