Mon 02 February 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্য গুচ্ছে অমিতা মজুমদার

maro news
ক্যাফে কাব্য গুচ্ছে অমিতা মজুমদার

১| সময়ের কাটাছেঁড়া

কপালের বলিরেখার ভাঁজে ভাঁজে, জমা থাকে কত ইতিহাস,কত গল্প। কিছু তার জানা যায়,কিছু রয়ে যায় অজানা, জীবনের জলছবি যে এমনই যার সবটা জানা হয় না। পড়ে যাওয়া দাঁতের কোটরে, জমা হয় সেই সব দুঃখ,যার খবর কেউ জানে না। জমানো দুঃখের উপরে সুখের সিমেন্টের প্রলেপের নিচে, নিঃশ্চিন্তে ঘুমায় সেই সব গোপন দুঃখেরা। ঘোলাটে চোখ আর রুপালি কেশের মাঝে, চুপটি করে আছে কত বসন্তের বাহার। যার আবিরের আবরণে, শান্তিতে বেঁচে থাকে প্রাণ-মন। ঝুলে পড়া চামড়ায় লেগে থাকে, কিছু সুখানুভবের পেলব ছোঁয়া। সেই ছোঁয়াটুকুই নিয়ে আসে রাতভর ঘুম, যে ঘুমের সবটুকুই থাকে সুখস্বপ্নে মোড়া। অস্থি চর্মসার হাতে জেগে ওঠা শিরা উপশিরার রক্তিম তরলে, অনুরণিত হয় মায়াবী সময়ের ঝংকার। জানিয়ে দেয় -- উদীয়মান রবি আর অস্তগামী সবিতার কিরণ এক হয় না।

২| জীবনের রোজনামচা

আজকাল ---- সংসারী রাতগুলো, কেমন খাঁ খাঁ রোদ্দুরে ভরা মধ্যাহ্ন হয়ে যায়। প্রজাপতির ঝরে পড়া পাখাগুলো, পিঁপড়ায় নিয়ে টানাটানি করে। বিষন্ন সন্ধ্যা আড়মোড়া ভেঙে, পিলসুজের নিভু নিভু আলোতে ভোরের সূর্যকে খোঁজে। তবুও---- কোথাও বাজে সানাইয়ের করুণ সুর, কন্যা বিদায়ের আগে। কোথাও আজানের মধুর সুরে, স্বাগত জানায় নবজাতকের। রাস্তায় দাঁড়িয়ে থাকা একাকী দেবদারু, রাতের জোছনার সাথে করে প্রেমালাপ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register