- 5
- 0
দেখেছিলাম তাকে
এক শুখা দিবসের পটে
তোমায় প্রথম দেখেছিলাম বৃশ্চিকরাশির কন্যা—
অভাব, অরন্ধন, তৃষিতভূমি—সবের বিপরীতে তুমি
ত্বরিতে চলে যাও মন্বন্তরের চোখে
খর চোখ রেখে,
পিঙ্গল কেশে শুভ্র স্থলপদ্ম,
গাঢ় ঠোঁটে প্রবালমণির টান,
ভাবের আবেশে বিবশ কম্পিত প্রান্তর।
প্রবাদে বলে তোমার নখরে মরণের দাগ লেগে;
সুরাপাত্রের মতো দেহের আনাচে-কানাচে কুহক।
তবু তোমাতেই বেঁধে বেঁধে থাকি
মাল্য, ভূষণ, আলেপনে বাসনা সাজাই।
শোনো মেয়ে,
নম্র মেঘের মতো হও
এই মড়কের দিনে বিন্দু বিন্দু জলকণার মতো,
এক ফোঁটা ফ্যানের মতো ঝরে পড়ো
অনাবৃষ্টি এ'বুকে।
0 Comments.