- 6
- 0
লাগাও বুদ্ধি কাজে
গ্ৰীষ্মকালের দুপুরবেলায়
প্রখর রোদের তাপে
চতুর্দিকে জ্বলছে আগুন
সুর্যিমামার শাপে
এমন সময় একটা কাকের
পেল ভীষণ তেষ্টা
একটু যদি জল খাওয়া যায়
করছে তারই চেষ্টা
কলসী একটা পড়লো চোখে
গেল উড়ে কাছে
দেখতে হবে তার মধ্যে
জল কী আদৌ আছে!
মুখ ঢোকে না কলসীতে তার
কিন্তু আছে জল
পড়ে আছে অনেক তলায়
করছে যে টলটল্
চিড়িক মেরে কাকের মাথায়
বুদ্ধি গেল খেলে
গোটা কয়েক নুড়ি যদি
কলসীতে দেয় ফেলে
ধীরে ধীরে আসবে উঠে
জল কলসীর মুখে
তখন না হয় খাওয়া যাবে
আকন্ঠ জল সুখে
এই না ভেবে কাক বাবাজী
লেগে গেল কাজে
অকর্মণ্য হয়ে কী আর
প'ড়ে থাকা সাজে ?
কাজের শেষে উঠে এলো
কলসী মুখে জল
পেট ভ'রে তাই খেয়ে কাকের
ফিরলো দেহে বল
বুদ্ধি যতই থাকুক তোমার
লাগাও সঠিক পথে
একটা উপায় ঠিক বেরিয়ে
আসবে কোন মতে
0 Comments.