- 3
- 0
ফুরিয়ে গেছে গল্প
দশ বছরের চিকন থাকে পড়ার ঘরে একা,
পাশের বাড়ি যারা থাকে যায় না তাদের দেখা ।
ছেলেটাকে ফোনটা দিয়ে মা রোজ অফিস খোলে ,
সারাদিন সে ব্যস্ত থাকে ছেলের কথা ভুলে।
বাবা কোথায় হারিয়ে গেছে , কেউ তা' নাহি জানে ,
তিনি নাকি মাসীর বাড়ি, চিকন তা' না মানে ।
ঠাম্মা, পিসি বৃদ্ধাশ্রমে, গল্প শোনায় ভুতো ,
পাড়ায় পাড়ায় ঘুরে সে রোজ সারায় সবার জুতো ।
কেন সে আজ জুতো সারায় বলছি ছোট করে -
তার বাবা যে গেছে মরে গাড়ি চাপা পড়ে ।
জুতো সেলাই, পালিশ করা ছিল তারও পেশা ,
টাকাকড়ি উড়িয়ে দিত করে সদাই নেশা ।
ভুতো তখন চোদ্দ বছর, নিয়ে বাবার থলি ,
জুতো সেলাই করলো শুরু ঘুরে অলিগলি ।
কাজের ফাঁকে বানায় সে রোজ কত রকম গল্প,
সুযোগ পেলেই শোনায় তাকে বয়স যাহার অল্প ।
রাস্তার লোক দেখছে চিকন জানালাটা খুলে,
ভুতোর গল্প শুনতেছিল পাড়ার ছেলেপুলে।
চিকন ভাবে , এমন গল্প শোনায় না কেউ তাকে,
জানলা দিয়ে হাত বাড়িয়ে ভুতোকে সে ডাকে ।
কী যে খুশি হল চিকন ভূতোর গল্প শুনে ,
নিজেই সে রোজ গল্প বানায় কল্পনাতে বুনে ।
গল্পগুলো যায় হারিয়েচ শিশুর জীবন থেকে ,
মনটা তাহার হয় না উদার কল্পনাতে দেখে।
কেউ বোঝে কি , কেউ ভাবে কি - হচ্ছে শিশুর ক্ষতি ,
মুক্তির স্বাদ না পেয়ে সে হারায় প্রাণের গতি ?
0 Comments.