Mon 31 August 2026
Cluster Coding Blog

কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

maro news
কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

বিবেক এক্সপ্রেস

উত্তরের পাহাড়ঘেরা প্রভাত থেকে

দক্ষিণের সমুদ্রলাগোয়া সন্ধ্যা পর্যন্ত

প্রতিদিন সে প্রায় 

গোটা ভারতবর্ষ বয়ে নিয়ে যায়।

লোহার শরীর হলেও

কামরায় তার প্রাণের ওম জমা।


বাড়ি ফিরতে চাও,

কাজের সন্ধানে দূর শহরে?

জানালার পাশে বসে প্রথমবার এত বড় পৃথিবী দেখবে বুঝি!

সে তোমায় নিয়ে

অবিচল ছুটে যাবে।


রেললাইনে চাকার ঘর্ষণ

সময়ানুগ নির্ভীক উচ্চারণ।


পাহাড় পেরিয়ে,

নদীর বুকের সেতু কাঁপিয়ে

সবুজ ধানের মাঠ, শুকনো প্রান্তর,

ঘুমিয়ে থাকা ছোট্ট স্টেশন,

লাল মাটির গ্রাম, ব্যস্ত নগর—

সবকিছুকে এক অদৃশ্য সুতোয় গেঁথে... ছুটে চলা।


সে যেন দুপুরের ক্লান্ত শ্রমিক,

রোদ এসে পড়ে তার গায়ে,

বর্ষা জানালায় টুপটাপ শব্দ তোলে,

ক্লান্ত পথিকের ভঙ্গিতে ধুলো এসে বসে তার গায়ে—

তার কোনো হেলদোল নেই।


থামার জন্য চলা নয়,

মাঝে মাঝে লাল সিগন্যাল

বিরতি চিহ্নের মত

অপেক্ষা, সংযম, পুনরায় চলার প্রস্তুতির পাঠ দেয়।


স্টেশন আসে,

কত মুখ ওঠে নামে,

ক্ষণস্থায়ী সম্পর্কগুলো জন্ম নিয়েই হারিয়ে যায়,

কত গল্প লেখা হয়,

জানালার বাইরে কত হাঁকডাক

সব মিলিয়ে যায়—

কান্না বাষ্পীভূত হয়, ঠিকানা হারিয়ে যায়

চিঠি বিবর্ণ হয়, স্বপ্ন উড়ান ভুলে যায়।


গভীর রাতেও দূর অন্ধকারে 

আলো জ্বেলে

যেন এক অদম্য প্রাণ

অবিরাম এগিয়ে চলে

নির্ধারিত দিগন্তের দিকে।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register