Fri 17 April 2026
Cluster Coding Blog

কবিতায় মঙ্গলা দত্ত রিমি

maro news
কবিতায় মঙ্গলা দত্ত রিমি

অফিস বাড়ি টা 

বেলা শেষে গোধুলির পাড়ে মরচা ধরা আমার অফিস বাড়ির আস্তরণ।

বহুকাল যাপন করতে গিয়ে অকারণেই হারিয়ে গেছে কতো পাণ্ডুলিপি, এখন আর এদের হদিস মেলে না।

সবুজের সমারোহে ঢাকা নিসর্গের গায়ে মায়া জড়ানো গন্ধটা বড্ড প্রিয়।

কফি হাউসের বাইরে দাঁড়িয়ে ভাবছি উপন্যাস এর উপসর্গ, হঠাৎ করে খবর পেলাম রাঙা পাড়ার মাঠে মেলা বসেছে।

'বইমেলা';

এখন প্রায় বছর কুড়ি, রাঙা পাড়ার মাঠ দেখা হয় না, মাঠের বাঁ পাশে আমবাগানের আম চুরির দায়ে পিসি ঠাম্মার বকুনিটা ও কপালে জোটে না।

খেলা হয় না ডাংগুলি, খাওয়া হয় না রামু কাকার হাতের মোয়া।

কতকাল কেটে গেল আমার পুতুলের বিয়ের, দেখিনি আজো আটপৌরে শাড়িতে আলতা রাঙা পায়ে, দেখিনি তারে পুকুর পাড়ে ছুটে বেড়াতে।

কতকাল কেটে গেল, খামখেয়ালী মনের কোণে আজও কড়া নাড়ে কাকলি দিদির কন্ঠে 'দাড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে'।

বেলা শেষে গোধুলির পাড়ে ছুটে আসা হলো সবুজের সমারোহে,

তবে জানিনা কিসের তাড়ায়?

আমার ছুটে আসা এই রাঙা পাড়ায়।

জানি,

বইমেলার মাঠে কিংবা আলোর রোশনাই এ,

আমি নেই কোথাও কোনো আনাচে কানাচে।

নেই কোনো গল্প গুচ্ছের ভাঁজে, নেই কোনো বইয়ের প্রচ্ছদ কিংবা মলাটে,

তবু, ছুটে আসা এই সবুজের সমারোহে,

কারণ টা কি তবে শুধুই 'বইমেলা' ?...

নাকি?

আমার অফিস বাড়ির টানে।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register