Thu 17 September 2026
Cluster Coding Blog

"নীল সুনীলে দিন যাপন" সম্পাদকীয়

maro news
"নীল সুনীলে দিন যাপন" সম্পাদকীয়
নভঃ নীল আস্কারায় থুতনির সুডৌল অশ্বখুরে তুমি বিন্দু বিন্দু শ্বেত বারি হয়ে লেগে থাকো ৷ চিবুক পেরিয়ে অলোকানন্দার মত বয়ে যাও মতিঝিল শরীরের বাঁকে বাঁকে ৷ আমি অবলা নই ! তবু সম্মোহনের অঘোর নাব্যতায় শীতলপাটির মত বিছয়ে দিই নিজেকে ৷ অস্থির আগুন গিলেছি ৷ কপালের চুল সরিয়ে দেবে বলে তোমার আঙ্গুল বীণার মত বেজে উঠছে মহুল মহুল ছন্দে ৷ তুমি তখন গলনাঙ্কে দাঁড়িয়ে, নাকি টগবগ করে ফুটছ ! আমার রক্তে নীলের বারবারি ৷ ক্রমে আরো নীল, ঘন নীল, সু-নীল হচ্ছে আরও ৷ চামড়ার তলায়, হাতের চেটোতে, ওষ্ঠের কোন থেকে গড়িয়ে পড়া ওমে, তুমি খেলা করছ আমি দেখতে পাচ্ছি ৷ সহস্র বছর ধরে পৃথিবীতে যতবার তুমি সুনীল হয়েছ ততবার আমি নীরাকে ধারণ করেছি শরীরে ৷ মধুযামিনী আশাবরীতে বুঁদ হয়েছে ততবারই ৷ প্রতিজন্মে তোমার উচ্চারিত দায়ভার, আগামী জন্মের জাতিস্মর হয়েছি ৷ তবুও " অনেক গোপন কথা আছে, এই এক জীবনে কিছই হবে না বলা ৷" " বাতাসে কীসের গন্ধ" - পাই ? আমের মুকুলে, শীতর কুয়াশায়,ভরা কোটালে, আউটট্রাম ঘাটে, বাজারে, বাসে, মেট্রোতে তোমার শরীরের গন্ধ, আমার শ্বাস দিয়ে প্রবেশ করে, স্পর্শ করে আমার জঠর, নিতম্ব, পিন পয়োধর ৷ আমি ধীরে মরালী হয়ে উঠি ৷ তুমি বলে চল " আমার ভালোবাসার কোন জন্ম হয় না, মৃত্যু হয় না/ কেননা আমি অন্যরকম ভালোবাসার হীরের আংটি নিয়ে জন্মেছিলাম ৷"
"ভালোবাসা অসহিষ্ণু, বারবার ফিরে ফিরে আসি / অতৃপ্তির পাত্র হাতে তোমার চোখের কাছে, নীরা !" যতবার তোমার কন্ঠস্বরে এ উচ্চারণ ধ্বনিত হয়েছে ততবার শপথ নিয়েছি নিয়েছ নিজের নিজের ফিরে ফিরতি জন্ম নেব তোমার নীরা হয়েই, সুনীল ! তাই পৃথিবীর শেষ আহ্নিক গতির মুহূর্ত পর্যন্ত প্রতি জন্মে আমি নীরা হয়েই বাঁচতে চাই ৷
শুভ জন্মদিন প্রিয় কবি ৷
 

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register