Sun 07 June 2026
Cluster Coding Blog

হৈচৈ গল্পে অরিত্রা জুন ঘোষ

maro news
হৈচৈ গল্পে অরিত্রা জুন ঘোষ

সবুজ ভালোবাসা


ছোট গ্রামে এক বুড়ো মালী ছিল। তার কেউ ছিল না, বাড়িও ছিল জরাজীর্ণ।

লোকেরা তাকে নিয়ে প্রায়ই হাসাহাসি করত—

কিন্তু বুড়োর একটা স্বপ্ন ছিল—গ্রামটাকে সবুজে ভরিয়ে দেওয়া।

প্রতিদিন সে এক থলি করে বীজ সংগ্রহ করত সারাগ্রাম ঘুরে ঘুরে। 

শুকনো ফুলের মাথা থেকে ঝরা ফলের বীজ,পুরনো গাছের পাশে পড়ে থাকা অজস্র অজানা বীজে

তার থলি সবসময় ভর্তি থাকত।

গ্রামের পথে হাঁটতে হাঁটতে সে আপনমনে মাটিতে বীজ ছড়িয়ে যেত।

লোকেরা তাকে নিয়ে প্রায়ই হাসাহাসি করত—

"বোকা বুড়ো একটা; পেটে ভাত নেই সারাদিন শুকনো বীজ কুড়িয়ে বেড়ায়। জীবনে কিছুই করতে পারল না !"

কেউ কিছু বললে সে হাসত—লোকে তাকে 'পাগল বুড়ো' বলে উপহাস করত।


একদিন গ্রামের এক শিশু—ছোট্ট হিয়া, 

তাকে জিজ্ঞেস করল,

"দাদু তুমি এসব শুকনো বীজ মাটিতে ফেলো কেন? এগুলো থেকে কিছুই তো হবে না!"

বুড়ো হেসে মাথায় হাত রেখে বলল,

"আজ হয়তো কিছু হবে না হিয়া। কিন্তু একদিন, তুমি দেখবে—পুরো গ্রামটা ফুলে-ফলে ভরে গেছে। তখন তোমরা বুঝবে, ভালোবাসা কখনো বিফলে যায় না।"

সময়ের সাথে বুড়ো আরও বৃদ্ধ হলো। চলতে চলতে একদিন সে আর বাড়ি ফিরল না।

লোকেরা বলল—"আহারে, একা মানুষটা মারাই গেল! জীবনে কিছুই রেখে গেল না!"


কিন্তু তার মৃত্যুর এক বছর পর, হঠাৎ গ্রামে বিস্ময়কর ঘটনা ঘটল।

এক বসন্তের সকালে গ্রামের মেঠো পথগুলো রঙিন ফুলে ভরে উঠল!রাস্তার ধারে পুরনো দেয়ালের ফাঁকে,ফেলে রাখা জমিতে—সবখানে নানারঙের ফুল ফুটেছে!

কোথাও সূর্যমুখী, কোথাও কৃষ্ণচূড়া,কোথাও বকুল,পলাশ কোথাও বটফল নাম না জানা বুনো ফুল।

গোটা গ্রাম তখন যেন রঙের রাজ্যে বদলে গেছে।সবুজের সমাহারে গ্রামটি ভরে উঠল।পাখিরা ছুটে আসতে লাগল। দোয়েল,ফিঙে,কাঠঠোকরা,টিয়া,বুলবুলির গানে মুখরিত আকাশ বাতাস।

কাঠবেড়ালি গাছের আগায় নৃত্য করে, প্রজাপতি, ফরিংএ ভরে গেল প্রকৃতি।


লোকেরা প্রথমে অবাক, পরে কাঁদতে কাঁদতে একে অপরকে বলল—

"বুড়ো মালী সত্যিই কিছু রেখে গেছে...সে রেখে গেছে সবুজ ভালোবাসা।"


ছোট্ট হিয়া দাঁড়িয়ে ছিল রাস্তার ধারে, হাতে বুড়োর ফেলে যাওয়া পুরনো বীজের থলি।

সে মৃদু হাসল আর আকাশের দিকে তাকিয়ে বলল—

"দাদু, তোমার ভালোবাসা বেঁচে আছে... তোমার লাগানো ছোট ছোট বীজগুলো এখন পুরো পৃথিবীর মতো বড় হয়ে গেছে।"

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register