- 1
- 0
উল্টো লেখা কেন?
টুবাই, বাবাই, পাপাই আরো অনেক নবম শ্রেণীর ছাত্ররা মিলে স্কুলের শিক্ষামূলক ভ্রমণের জন্য জঙ্গলমহলে রওনা হল। মোট ৪৬ জন ছাত্রছাত্রী যাচ্ছে। বড় গাড়িতেই যাচ্ছে। হঠাৎ বিরাট ট্রাফিক জ্যাম লক্ষ্য করে। সবাই উঁকিঝুঁকি দিয়ে জানতে চেষ্টা করে, গাড়ি থেমে আছে কেন? অল্প সময় বাদে ড্রাইভার আর হেল্পার জানায়, সামনে এক বিরাট দুর্ঘটনা ঘটেছে। তারপরই পাপাইরা দেখে, ঘনঘন অ্যাম্বুল্যান্স যাচ্ছে। প্রায় ঘণ্টাখানেক বাদে ধীরে ধীরে আবার গাড়ি চলা শুরু হয়। এর মধ্যে গাড়িতেই প্রাতঃরাশ দেওয়া হল। সবাই পাঁউরুটি, ডিমসেদ্ধ, মিষ্টি খেল। খেতে খেতেই পাপাই জিজ্ঞেস করে, "স্যার, অ্যাম্বুল্যান্সের রঙ সাদা হয় কেন?" টুবাইরা সবাই মিলে বলল, "হ্যাঁ স্যার, এটা আমরাও জানতে চাই।" শিক্ষক সমীরণ বলে, "আগে বল, অ্যাম্বুল্যান্সের মানে কি?" বাবাই বলে, "স্যার, জরুরী চিকিৎসার প্রয়োজন হলে রোগী পরিবহণের কাজে নিয়োজিত যানবাহন বিশেষ, যা এক স্থান থেকে অন্য স্থানে উন্নত চিকিৎসার জন্য ব্যবহার করা হয় রোগীকে দ্রুত পরিষেবা দেওয়ার জন্য।"
স্যার বললেন, "হ্যাঁ ঠিকই বলেছিস। এবার বলি, সূর্য থেকে আসা ইনফ্রয়েড রশ্মির কারণে পরিবহণ যাতে উত্তপ্ত না হয়, এইজন্য সাদা রঙ ব্যবহার করা হয়। সূর্যের আলো সাদা রঙে পড়লে তা আবার ফিরে যায়। অসুস্থ মানুষ যাতে গরমে কষ্ট না পায়, তার জন্য সাদা রঙ করা হয়। আবার কিছু অ্যাম্বুল্যান্স হলুদও হয়। কারণ হলুদ একটি অত্যন্ত দৃশ্যমান রঙ যা অন্য পরিবহণের চালক ও সাধারণ মানুষ দূর থেকে আগেই দেখতে পায় এবং স্বীকৃত করা সহজ করে তোলে, বুঝলি। যদিও সাদা অ্যাম্বুল্যান্সই পৃথিবীতে বেশী ব্যবহৃত হয়।" টুবাই বলে, "এটা তো বুঝলাম, কিন্তু এবার বলুন তো, আমরা সবাই দেখেছি 'অ্যাম্বুল্যান্স' কথাটা উল্টো আকারে লেখা থাকে। এটার কারণ কি?" স্যার উত্তরে বলেন, "ভাল প্রশ্ন। তাহলে শোন, আসলে আমরা আয়নায় কোন জিনিসের প্রতিবিম্ব অনুভূমিকভাবে উল্টো দেখি। ডান হাতকে বাম হাত দেখায়। তেমনি কোন word এর প্রতিবিম্বও আমরা উল্টো আকারে দেখি। যেটা ডান থেকে শুরু হয় সেটা দেখি বাম থেকে। তাই উল্টো অক্ষরের 'অ্যাম্বুল্যান্স' শব্দটি সামনের কোন গাড়ির লুকিং গ্লাসে প্রতিফলিত হলে গাড়ির চালককে সঠিক অক্ষরের 'অ্যাম্বুল্যান্স' দেখায়, যাতে সে অ্যাম্বুল্যান্সের জন্য রাস্তা ছেড়ে দেয়। রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে পরিষেবা দেওয়া যায়। বোঝা গেল?" সবাই হৈ হৈ করে বলল, "দারুণ একটা বিষয় জানতে পারলাম।"
0 Comments.