- 12
- 0
আত্মদর্শন
গতজন্মে তোমায় বলা, ভালোবাসার কথকথা
এ জন্মে হারিয়ে ফেলা, বিস্মরণের অশ্রু ব্যথা।
নীল সায়রে স্নানটি সেরে, আসার কথা নীলাম্বরী
শঙ্খচিলের শুভ্র ভোরে, কোথায় তোমায় খুঁজে মরি!
অভিমানের দীঘল চোখে, খোলা চুলের আমন্ত্রণে
চিনবে ঠিকই আমায় দেখে, এলোকেশের মুক্ত বনে।
সেই অভিমান পাই না খুঁজে, মুক্তকেশীর যত্নে খোঁপায়
সাগর আকাশ পায় না বুঝে, মিলন বাসর পায় যে কোথায়?
তোমার শরীর অগ্নিবীণা, পুড়ে গেলেই এক মুঠো ছাই
সালমাজড়ির শাড়ির মিনা, শাড়ির কোন শরীর যে নাই!
অভিমানের সলাজ হাসি, চিনিয়ে দেবে কথা ছিল
নিয়তি বুঝি দর্প নাশি, ব্যর্থ প্রাণে স্মৃতি ধুলো।
এখন বুঝি তুমি আছো, জোলো বাতাস ছুঁয়ে ছুঁয়ে
স্মৃতির ভেলায় আজো ভাসো, গত জন্মের স্মৃতি ধুয়ে।
অশরীরী এক অস্তিত্বে, জড়িয়ে থাকো প্রাণে প্রাণে
অসীমতার মহান বৃত্তে, সসীমতার ভ্রান্ত টানে।
তুমি আছো অচিনপুরে, ভুবন ডাঙ্গার অলীক স্বপন
আমার নিবাস হয়তো দূরে, তোমার সাথে একলা যাপন।
বাবুই বাসার ছোট্ট নীড়ে, স্বপ্ন আজো তোমায় ঘিরে
দিনের তারা রাতের ভিড়ে, চিনছি তোমায় ধীরে ধীরে।
ধানের শীষের দুলছে মাথা, দখিন বাতাস উতল হাওয়া
তোমায় চিনে গাথছি গাথা, জীবন শুধুই আসা-যাওয়া।
শাশ্বত প্রেম সেটাই বলে, প্রকৃতি মায়ের কোমল কোলে,
তোমায় চেনার নতুন ছলে, হারিয়ে ফেলার ভয়টি ফেলে।
0 Comments.