- 5
- 0
আত্মসমালোচনা ও মানবিক চেতনা
৬ আগস্ট। মানবসভ্যতার ইতিহাসে এক গভীর বেদনা ও আত্মসমালোচনার দিন। হিরোশিমা দিবস আমাদের মনে করিয়ে দেয়— যুদ্ধের বিজয় ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু তার ক্ষত প্রজন্মের পর প্রজন্ম বহন করে মানুষ। তাই এই দিনটি শুধু ইতিহাস স্মরণের নয়, শান্তি, সহমর্মিতা এবং মানবতার পক্ষে নতুন করে অঙ্গীকার করারও দিন।
টেক টাচ টক সাহিত্য জোন-এর এই সংখ্যার নির্বাচিত রচনাগুলিও যেন সেই মানবিক চেতনার নানা রূপ উন্মোচন করেছে। ব্যঙ্গাত্মক অণুগল্প ‘ধামাকা’ আমাদের সম্পর্কের পরিবর্তিত বাস্তবতাকে হাস্যরসের আড়ালে প্রশ্নের মুখে দাঁড় করায়। ‘অবহেলিত’ আত্মঅনুশোচনা ও ক্ষমাপ্রার্থনার অন্তর্গত সুরে মানুষের অন্তর্জগতকে স্পর্শ করে। ‘সহস্র শতাব্দী জুড়ে’ সময়, ইতিহাস ও অস্তিত্বের গভীর অন্বেষণে পাঠককে ভাবতে শেখায়। ‘দূরের অনন্ত তোমাকে যে ডাকে’ ভালোবাসার অপূর্ণতা ও আকাঙ্ক্ষাকে কাব্যিক সৌন্দর্যে ধারণ করে। ‘প্রাত্যহিক ঘূর্ণাবর্ত’ সমকালীন সমাজবাস্তবতার জটিলতা ও বৈপরীত্যকে শক্তিশালী প্রতীকের ভাষায় তুলে ধরে। আর ‘একটি শহরও মানবজাতির বিবেক হয়ে ওঠে’ কবিতাটি হিরোশিমার বেদনাকে ধারণ করে আমাদের মনে করিয়ে দেয়— ধ্বংসের চেয়ে মানুষের বিবেক, সংলাপ ও শান্তির শক্তিই শেষ পর্যন্ত বড়।
সাহিত্য মানুষের ভেতরে মানবিকতার আলো জ্বালায়। সেই আলোর দিশা ধরে আমরা যেন ঘৃণার নয়, ভালোবাসার; সংঘাতের নয়, সহাবস্থানের; ধ্বংসের নয়, সৃষ্টির পৃথিবী গড়ে তুলতে পারি। এই প্রত্যাশাতেই সকল লেখককে জানাই আন্তরিক অভিনন্দন এবং পাঠকদের প্রতি রইল অফুরন্ত শুভেচ্ছা।
সায়ন্তন ধর
0 Comments.