- 3
- 0
পরিচ্ছন্নতা এবং স্বচ্ছন্দতা থাকুক সাজে
যার চেহারা যেমনই থাকুক সে পুরুষ বা মহিলা, বাড়ি থেকে বেরনোর সময় একটু আয়নার সামনে দাঁড়ান না এমনটা হতেই পারে না। চুল আঁচড়ে একটা পরিষ্কার কাপড় পরেই সবাই বের হন। বেরনোর কারণ এবং স্থান কাল পাত্র বিভিন্ন হবে এটাও স্বাভাবিক। কখনো দোকান বাজারে কখনো জনসমাবেশে বেরতে হয়। কোথায় যাচ্ছি সেখানে কেমন সাজগোজ, পোশাক মানাবে সে চিন্তা করেই তৈরি হতে হয়। বিয়েবাড়িতে গেলে প্রচুর সাজা যায় তবে অবশ্যই মাথায় রাখুন বিয়েবাড়ির বর বা কনের থেকে যেন আপনার সাজ বেশি না হয়ে যায়। দিনের বেলার সাজ আর রাতের বেলা সাজে পার্থক্য থাকুক। নিজের ব্যক্তিত্বকে রক্ষা করবে এমন সাজই সাজুন। এখন বেশিরভাগ মানুষ খুব সচেতন। তার মধ্যেও কেউ কেউ আছেন এমন ভাবে চলে আসেন তাঁদের উপস্থিতিও অস্বস্তির কারণ হয়। ধরুন, আপনার এক আত্মীয়ের সঙ্গে বিয়েবাড়িতে দেখা। জমকালো পাঞ্জাবি পরে গায়ে পারফিউম দিয়ে আপনার পাশে বসল। তার নিশ্বাসে দুর্গন্ধ, কী যে বিরক্তি! যতই আপনি সরে থাকতে চান তিনি মুখের কাছে মুখ নিয়ে কথা বলবেনই। বিকেলে কোন অনুষ্ঠানে যাবার আগে অবশ্যই দাঁত মেজে, মাউথওয়াশ ব্যবহার করে যাওয়া উচিত। ভালো হয় তৈরি হবার আগে একবার স্নান করে নিলে। তারপর ডিওডোরেন্ট ব্যবহার করাও জরুরি। আরেকটা বিষয় হলো হাতে পায়ের নখ। হাতের সব আঙুলের নখ সমানভাবে যেন কাটা থাকে। যাঁরা বড় নখ রাখেন, তাঁদেরও নখ পরিষ্কার এবং সব নখ সমান আকারের হলেই ভালো লাগে। নেইলপালিশ ইচ্ছে হলে পরতে পারেন। আধা উঠে যাওয়া নেইলপালিশ থাকলে নেইলপলিশ রিমুভার দিয়ে তুলে ফেলুন। ঠিক মাপের জামাকাপড় এবং জুতো পরবেন। নিজের সাজ পোশাক নিয়ে নিজেই স্বছন্দবোধ না করলে অপরের চোখেও সেটা ধরা পড়তে বাধ্য। রূপচর্চা মানে শুধুই এটা সেটা মেখে ত্বক চকচকে দেখানো নয় রূপচর্চার মূল কথা হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা।
0 Comments.