- 13
- 0
হারিয়ে যাওয়া
সু: চল্ চামেলী ডানা মেলি
নীল আকাশের গায়ে ,
এই মাটিতে কষ্টে সৃষ্টে
হাঁটবো না আর পায়ে।
পাখির মতো চলনা ভাসি
ওই পাহাড়ের কোলে ,
যেমন করে মেঘ ছানারা
আকাশ গাঙে দোলে.....
চা: উড়তে বারণ কেউ করেনি ,
কোথায় পাব ডানা ?
পাহাড় সেতো ভীষণ ভালো,
যেতেও নেই মানা।
আমারও তো মনটা কেবল
করছে আঁকুপাঁকু !
সামনে বছর নিয়ে যাবে
বলেছিল কাকু ।
ডানা থাকলে ভালই হ'তো
চলে যেতাম আজই
ঘোরার কথা মাথায় এলে
এগোয় নাকো কাজই।
ইচ্ছেটা তো ষোল আনা
কেমন করে হবে?
সু: চল্ না একটু অন্যরকম
ভাবনা ভাবি তবে!
চা: অন্য ভাবনা ,কেমন ধারা ?
সু: আছে, বলছি দাঁড়া ।
এই মনে কর ,তুই আর আমি
উবের নেবো ভাড়া।
চা: উবের কেন? বাস আছে তো!
আবার ট্রেনও পাবি।
খরচা কত হবে বলতো?
তবে কোথায় যাবি ?
সেটাই আগে ভাবতে হবে ।
পাহাড়, না সমুদ্র ?
নাকি অন্য কিছু আরও
বৃহৎ কিংবা ক্ষুদ্র !
সু: আচ্ছ ,ধর হারিয়ে গেলাম
দু'জন মিলে একা ।
বন্ধু স্বজন ,আত্মীয়রা
আর পাবেনা দেখা।
অনেক দূরে পাহাড় থেকে
গ্যাস বেলুনে চেপে ।
তুই আর আমি হারিয়ে যাব
হাওয়ার গতি মেপে,
ভাসতে ভাসতে কোথায় যাব
কেউ জানি না মোটে।
ভোরের বেলা দেখতে পাব
সূর্য কেমন ওঠে !
মেঘের ভিতর রাত্রি জেগে
রহস্যময় গল্প !
কে লিখবে বল ,তুই না আমি ?
কার হবে প্রকল্প !
চা: ইউরেকা, এই পেয়েছি প্লট ।
নতুন উপন্যাসের ।
এই মনে কর ,এটা তো শীত
পূবের হাওয়া আসে।
পশ্চিমে তাই যাব ভেসে
পাকিস্তানকে ফেলে ,
বিস্তৃত সে জলরাশি
আরব সাগর মেলে ।
তার ওপারে আফ্রিকা তো?
' কবিতার দেশ' আছে
সাগর পাড়ে সোমালিয়া
উপকূলের কাছে ।
সে আফ্রিকা চির উষ্ণ
শীত মেলে না তাতে ,
পাহাড় এবং মরুভূমি
সাগরের মৌ তাতে ...
কাব্য-রসিক ঘুরে বেড়ায়
ছন্নছাড়া দশা !
আচ্ছা যদি তাদের সাথেই
করি ওঠা-বসা!
কেমন হবে? কেমন হবে !
অবিশ্বাস্য চমক ।
ওমনি কেন ধমক দিচ্ছিস?
কেন দিলি ধমক !
তো, তবে কি অন্য কোথাও?
অন্য কোনখানে!
সু: ওটা ভীষণ দরিদ্র দেশ
কী আছে ওখানে ?
চা: ওরা মানুষ ভালোবাসে,
আছে মানবতা ।
সমুদ্র খুব কাছে তবু
ওদের নেই নগ্নতা !
সু: আমরা তো চাই হারিয়ে যেতে,
মানুষ চাইনা মোটে।
কি হবে আর মানবতায়!
শুকনো ফুল কি ফোটে?
শুধুই পাহাড়, কিংবা সাগর
নয়তো বা জঙ্গল
এই পৃথিবী ছেড়ে যাব
বুধ কিংবা মঙ্গল !
তোর কি তাতে দুঃখ হবে,
কষ্ট পাবি ভীষণ ?
ইট্স আ মর্ডান লাইফ,ইজ্ন্ট ইট?
জাস্ট আ লাইফ ফিউশন ।
চা: আমার কিন্তু ভয় করে রে,
থাক , চ কঙ্গো ফরেস্ট।
সু: তাহলে আমেরিকায় চ ,
ডিপ অ্যামাজনই বেস্ট ।
পশ্চিমেই তো যাচ্ছি ভেসে
দূরত্বটা বেশি ।
হোক না তাতে ক্ষতিটা কি
নেই তো রেশারেশি।
কো: অ্যামাজনের গহণ বনের
রহস্য সব জানতে
আমরা দুজন সাগর পেরোই
নতুন খবর আনতে।
ধিক ধিকি ধিক ধিক ধিকি ধিক
বুকের ভিতর বাদ্যি,
আমরা কোথা? নজর ভোঁতা
জানার তো নেই সাধ্যি!
খুব জমিয়ে ঝমঝমিয়ে
বৃষ্টি অনাসৃষ্টি
আমাজনের গহন বনে
যায় না কারো দৃষ্টি
সেই সে বনে আমরা দুজন
হারিয়ে গেলাম বেশ,
হারাই তবু হারায় না তো
গল্পখানার রেশ......
হারাই তবু হারায় না তো
গল্পখানার রেশ.......
পাণ্ডু বিশ্বাস
0 Comments.