- 4
- 0
অপেক্ষা
রাতের বুক চিরে...
যখন একলা চাঁদটা নীলচে আলো ছড়ায়,
উন্মত্ত সমুদ্রের তটে তখন
স্তব্ধ এক পাথরের প্রতিমূর্তি।
রুপোলি ওই আলো
আসলে এক মহা প্রতারণা,
যে দূর থেকে ছুঁয়ে দিলেও
ভেতরের হাহাকারটুকু বোঝে না।
ঠিক এই শূন্যতা ..
অমাবস্যার জোয়ারের মতো তীব্র ও আচমকা অভিব্যক্তি
যা এক লহমায়
চারপাশের সবকিছু গ্রাস করে নেয়।
পাহাড়ের গা বেয়ে নেমে আসা কুয়াশা
যখন পাইন বন অবশ করে,
ঝাউপাতার দীর্ঘশ্বাসে তখন
প্রতিধ্বনিত হয় এক চূর্ণ-বিচূর্ণ হৃদয়।
অনাবিল চাঁদের...
তীব্র আকর্ষণে সাগরের বুকে
যেমন তীব্র আলোড়ন জাগে,
পেছনের স্মৃতির অমোঘ টানে
ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত হওয়া ঠিক তেমনই।
গৌর বর্ণ...
বালুচরের কাছে জেনেছিলাম—
পরিযায়ী পাখির মতো
অন্যের আকাশে ডানা মেলা ঠিক নয়;
তাই ঝিনুকের মতো নিজের ক্ষত লুকিয়ে,
আজও শান্ত ঢেউয়ের মতো নিজের বুকেই ফিরে আসি।
আজও শান্ত বাতাসে...
হেমন্তের অবহেলায় জীর্ণ পাতা
যেমন নিঃশব্দে মাটিতে লুটিয়ে পড়ে,
সমুদ্রের গর্জনও তেমনি আছড়ে পড়ে বালুচরে,
কিন্তু কোনো কূলেই পৌঁছায় না।
ফিরে আসার সমস্ত পথ বন্ধ জেনেও,
নিজের মধ্যে এক পরম শান্তি খুঁজে নিই ;
এই আদিগন্ত প্রতীক্ষাই এখন এক আত্মশুদ্ধি,
যেখানে একা থাকাটাই
পরম প্রাপ্তি....
0 Comments.