- 5
- 0
সদর দরজা
অবশেষে একদিন খুলে গেল এ বাড়ির সদর দরজা।
যদিও দরজা বন্ধ ছিল সাধারণের জন্য,
আজ থেকে শুরু হলো জনগণের অবারিত দ্বার।
এ বাড়ি কোনও রাজ প্রাসাদ কিংবা
জমিদারের অট্টালিকা ছিল না কোনোদিনও,
নিছক ছাপোষা আটপৌরে একটি বাড়ি।
একসময়ে অনেক অতিথি-অভ্যাগতদের ভিড়ে ঠাসা বাড়ি
সময়ের দুলকি চালে যৌলুষ হারিয়ে বাড়ির
সদর দরজার ভগ্নদশা অবস্থা ...
এখন অনেকেই আসে যায় --
রেখে যায় খসে পড়া বিবর্ণ পালক
রেখে যায় থরে থরে সাজানো আস্তরণের স্তূপ
মাটিতে গাঁথা হয় অতীতের গৌরব হারানো অহমিকা
বারুদ খসা যাবতীয় প্রজ্ঞার একচিলতে ভূমিতে।
বদলে যাওয়া এ বাড়ি এখন মুক্তমনের আস্তানা।
অপূর্ণতায় খুঁজি পূর্ণতা
বুকের মধ্যেই পুষে রাখা আছে ধূ ধূ মাঠ,
বহিঃরঙে সার্কাসের তাবুর মত জোকার-
শতছিন্ন জোড়াতালির অসমাপ্ত রোড ম্যাপ।
অপূর্ণতার মিথ্যে হাহাকার নিয়ে গোটা জীবন
কিছু অসুখী বিছানা আজও দিনরাত এক ক'রে
পূর্ণতার বৃত্তের মধ্যেই থাকতে চায় অনবরত।
জলের গভীরে দাগ কেটে কেটে মনে হয়
সে তে ক্ষণিকের পদক্ষেপ, তার চাইতে
মাটির গায়ে এঁকে দিলাম কোলকে ফুলের আলপনা।
সোনালি রোদ্দুর মেখে ডুবে আছি জন-অরণ্যে
পাতার সবুজে মাখামাখি একটা সুন্দর বিকেল-
ফুলদানিতে সাজিয়ে রাখলাম মনের অজান্তেই..
0 Comments.